Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ৯, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় গভীর রাতে একই পরিবারের তিন শিশু কন্যাসহ পাঁচজনকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৯ মে) গভীর রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে মনির হোসেনের বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে একে একে সবাইকে জবাই করে হত্যা করে। ঘটনাস্থলের ভয়াবহতা দেখে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত তিন শিশু কন্যার মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল। পরিবারের কর্তা মনির হোসেনের মরদেহ খাটের ওপর পাওয়া যায়। তার স্ত্রীর মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের ধরন দেখে এটি পরিকল্পিত ও অত্যন্ত নৃশংস ঘটনা বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা কিংবা ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। একই পরিবারের পাঁচজনকে জবাই করে হত্যা করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করতে পারে।

এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।