চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১টায় পৌরসভার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবদুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা হয়।
কর্মশালায় জানানো হয়, মহাপরিকল্পনার লক্ষ্য পরিকল্পিতভাবে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে নাগরিকদের জীবনযাত্রার মান বাড়ানো। স্থানীয় ও জাতীয় পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া, জলবায়ু ঝুঁকি মাথায় রেখে পৌরসভাকে জলবায়ু সহনশীল করা, এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে বহুখাতের পরিকল্পনা প্রণয়ন করা এর অন্যতম উদ্দেশ্য।
এছাড়া ভূমি ব্যবহার ও স্থাপনা নির্মাণে জোনিং এবং ইমারত নির্মাণ আইন-বিধির মাধ্যমে সুশৃঙ্খল উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং পূর্বের মহাপরিকল্পনা হালনাগাদ করে যুগোপযোগী পরিকল্পনা তৈরির কথাও বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। আজকের কর্মশালায় শেলটেক কর্তৃক জরিপকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে। আশা করি, এই কর্মশালার মাধ্যমে জরিপে বাদ পড়া তথ্যগুলো যুক্ত হয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাস্তব চিত্র উঠে আসবে। এতে প্রতিষ্ঠানের পক্ষে আরও নিখুঁতভাবে কাজ করা সহজ হবে। মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সামনে থাকা গুরুত্বপূর্ণ সমস্যাগুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা সম্ভব হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, ওসি তদন্ত মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, উপসহকারী প্রকৌশলী আবদুল মোমিন, শেলটেকের কর্মকর্তা আল মোস্তাকিন অপূর্ব, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণব, ইমতিয়াজ শহিদসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।

