Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু প্রস্তুত, খামারিদের ব্যস্ততা

ফেনী প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। উপজেলার বিভিন্ন খামারে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক উপায়ে লালন-পালন করা গরু বিক্রির জন্য প্রস্তুত করছেন খামারিরা। স্থানীয় প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় প্রায় ১৯ হাজার গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ জনপদে বিচ্ছিন্নভাবে আরও প্রায় ১০ হাজার গরু প্রস্তুত রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, সোনাগাজীতে বর্তমানে ১ হাজার ৪৫৮ জন খামারি রয়েছেন। তাদের খামারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ১৮ হাজার ৩৭৫টি গবাদি পশু। চাহিদা রয়েছে প্রায় ১৮ হাজার ৮০০টি গরুর। সম্ভাব্য ঘাটতি পূরণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের কেএস এগ্রোর মালিক কাজী জাফর উদ্দিন জানান, তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাইয়ে ২২টি গরু পালন করেছেন। শখের বশে গরুগুলো পালন করলেও এবার সেগুলো কোরবানির জন্য বিক্রি করবেন। তার খামারে থাকা গরুর দাম ৭০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকারও বেশি।

সোনাগাজী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন জানান, তিনি কেএস এগ্রো থেকে কোরবানির জন্য দুটি গরু কিনে খামারেই রেখে দিয়েছেন।

চরচান্দিয়া ইউনিয়নের আরমান এগ্রোর ম্যানেজার মো. নাহিদুল ইসলাম বলেন, তাদের খামারে ২৩টি গরু প্রস্তুত করা হয়েছে। গরুর দাম ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা থেকে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত। ইতোমধ্যে একটি গরু ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের গরু হাটে নেওয়া কষ্টসাধ্য হওয়ায় খামার থেকেই বিক্রি করতে চান তারা। ক্রেতারা ঈদের আগের দিন পর্যন্ত খামারেই গরু নিরাপদে রাখতে পারবেন বলেও জানান তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত বলেন, সরকারি হিসেব অনুযায়ী এবার ১৮ হাজার ৩৭৫টি গরু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় সামান্য ঘাটতি থাকলেও বাইরের জেলা থেকে গরু এনে তা পূরণ করা সম্ভব হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, কোরবানির পশুর হাটে খামারি, বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। জাল টাকা শনাক্তে বিভিন্ন ব্যাংকের বুথও স্থাপন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।