ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে একটি শিল্প কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে প্রহরীকে জিম্মি করে দুর্বৃত্তরা প্রায় আড়াই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রতিষ্ঠান Benchmark Industries সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল ট্রাক নিয়ে কারখানায় প্রবেশ করে। পরে তারা কারখানার সিসিটিভি ক্যামেরা অকেজো করে কয়েক ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়।
এ সময় ডাকাতরা কেমিক্যাল মোটর, বয়লার বার্নার, মূল্যবান বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ ফেনী মডেল থানা এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

