শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় দস্যুরা পরাজিত হয়ে ট্রলার ফেলে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ, চারটি ওয়াকিটকি এবং একটি ট্রলার জব্দ করা হয়েছে। এছাড়া অপহৃত চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে সুন্দরবনের শেলারচর এলাকার সিঙেরটেক বনসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে একটি সন্দেহজনক ট্রলার দেখতে পান বনরক্ষীরা। ট্রলারটি থামানোর সংকেত দিলে সেটি না থেমে উল্টো বনরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। পরে বনরক্ষীরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে বনদস্যুরা ট্রলারটি নদীর পাড়ে ভিড়িয়ে দ্রুত সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশি চালিয়ে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামসহ অপহৃত চার জেলেকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)। তাদের বাড়ি শরণখোলা ও খুলনার বটিয়াঘাটা এলাকায়। বনদস্যু শরীফ বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে বনে আটকে রেখেছিল বলে জানা গেছে।
বন বিভাগ জানিয়েছে, পালিয়ে যাওয়া দস্যুদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

