কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ বুধবার (১৩ মে) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। মেলাটি উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় অনুষ্ঠিত হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পায়রা ও বেলুন উড়িয়ে এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, কবি সুকান্ত শোষিত মানুষের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে কবিতা রচনা করেছেন। তাঁর প্রতিটি কবিতায় ছিল প্রতিবাদের সুর। বর্তমান সরকার তাঁর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে।
মেলার উদ্বোধনের পর দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা, যা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা জানান, আগামী শুক্রবার (শেষ দিন) মেলার সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন, তাঁর পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’।

