রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়ার পাঁচ দিন পর মৃত্যুবরণ করেছেন সরকারি কর্মচারী মনিরা খাতুন (২৭)। শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা আব্দুর রাজ্জাক মোল্লা।
জানা গেছে, গত রবিবার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল সংলগ্ন জেলা নিরাপদ খাদ্য অফিসে দায়িত্ব পালন শেষে জাতীয় পতাকা নামানোর কাজ করছিলেন মনিরা। এ সময় স্টিলের তৈরি পতাকার পাইপটি অসাবধানতাবশত উপরের উচ্চ ভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা পাঁচ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দায়িত্ব পালন করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান মনিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

