মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদীমে একটি বসতঘরের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে রহিমা বেগম (৪২) নামে এক নারী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আঃ হালিম দেওয়ানের বাড়িতে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে বালতির মাধ্যমে পানি ব্যবহার এবং অক্সিজেন সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় রহিমা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

