শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পরকীয়াজনিত ঘটনায় এক নারী ও তার শিশু কন্যার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও কথিত পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত জাহানারা বেগম (৩০) ও তার চার বছরের শিশু কন্যা সামিয়া আক্তারের মরদেহ বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের একটি কলাবাগান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত নারীর স্বামী আমজাদ শেখ এবং কথিত পরকীয়া প্রেমিক উজ্জ্বল (৩৫) কে আটক করা হয়েছে। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত জাহানারা বেগম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশনা এলাকার আমজাদ শেখের স্ত্রী। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় এলাকার লালন মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা ও তার স্বামী আমজাদ ঢাকার আমিনবাজার এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে শ্রমিক উজ্জ্বলের সঙ্গে জাহানারার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয় এবং উজ্জ্বলকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ মে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা গ্রামের বাড়িতে আসেন। এরপর থেকেই জাহানারা ও তার সন্তান নিখোঁজ হন। পরে ৬ মে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করা হয়।
প্রত্যক্ষদর্শী কুলসুম বেগম বলেন, তিনি কলাবাগানের পাশে একটি পুকুরপাড়ে ছাগল চড়াতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী আমজাদ শেখ অভিযোগ করে বলেন, পরকীয়া সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করা হয়েছে।
তবে এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার বিষয়টি উঠে এসেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

