পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মিসাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ থানার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ ভুক্তভোগীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে মিসাত শেখ তাকে ধর্ষণ করে।
মেয়েটির চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা মিসাত শেখকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগীর মা শাহানাজ আক্তার বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আজ শুক্রবার (১৫ মে) প্রধান আসামি মিসাত শেখকে আদালতে প্রেরণ করেছে। মামলার অপর আসামি মারুফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

