শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইয়ুব মোল্লা (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি দল।
গ্রেফতারকৃত আইয়ুব মোল্লা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৫ মে) দুপুর ২টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়ালন্দ উপজেলার গফুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে আইয়ুব মোল্লাকে গ্রেফতার করা হয়।
শনিবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব মোল্লা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৪, তারিখ ২৪ ডিসেম্বর ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৩(খ) ধারায় আদালত আইয়ুব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, শনিবার গ্রেফতারকৃত আইয়ুব মোল্লাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

