শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাহানারা বেগম (৩০) ও তার শিশু কন্যা সামিয়া আক্তার (৪) হত্যাকাণ্ডের ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে দায়ের হওয়া এ মামলার বাদী হয়েছেন নিহত জাহানারা বেগমের বাবা লালন মোল্লা। মামলায় কাউকে নাম উল্লেখ করে আসামি করা হয়নি। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই তাদের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেঁওতা গ্রামে দাফন সম্পন্ন করা হয়।
নিহত জাহানারা বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশনা এলাকার রব শেখের ছেলে আমজাদ শেখের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জাহানারার স্বামী আমজাদ শেখ এবং কথিত পরকীয়া প্রেমিক উজ্জ্বলকে সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছিল। তবে মামলায় তাদের নাম না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে ছেড়ে দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “জাহানারা বেগম ও তার শিশু কন্যা সামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জাহানারার বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আমজাদ শেখ ও উজ্জ্বলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মামলার প্রয়োজনে তাদের আবারও ডাকা হতে পারে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার ১০ দিন পর গত ১৪ মে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকেরটিলা গ্রামের সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতব্বরের ডাঙ্গি এলাকার এখলাস মাতুব্বরের কলাবাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় জাহানারা ও তার শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

