আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়নের লক্ষ্যে “সুন্দরবনের জন্য সাংবাদিকতা” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইল এলাকায় অগ্রগতি সংস্থার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় “জার্নালিজম ফর সুন্দরবন” এ সভার আয়োজন করে।
জার্নালিজম ফর সুন্দরবন-এর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বক্তারা সুন্দরবনের পরিবেশগত চ্যালেঞ্জ, বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জার্নালিজম ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক আহসান রাজিব, সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস, আমিরুজ্জামান বাবু, আক্তারুজ্জামান বাচ্চু, সাইফুল করিম সফু, সুকুমার দাশ বাচ্চু, গোলাম সরোয়ার, ইব্রাহিম খলিল, সচ্চিদানন্দ সদয়, আনিছুর রহমান, আসাদুজ্জামান সরদার ও অনাথ মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য। তারা দূষণমুক্ত ও জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবন গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

