শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানকে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করার বিষয়ে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “জনগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে আমরা যে আলোচনায় এসেছি, তা নিয়ে বিভ্রান্তি দূর করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। অযথা উপজেলা সদরে ঘোরাফেরা বন্ধ করে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমি প্রথমে আপনাদের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকেই শিক্ষার প্রথম ধাপ অর্জন করেছি। তাই প্রাথমিক শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাশের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (প্লাবন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, এনসিপির সাধারণ সম্পাদক কাকা মিয়া, চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইব্রাহিম ফকির, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মহিতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

