দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় হেরোইনসহ দুইজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
রোববার দুপুর ২টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকায় ভোর ৫টা ৩০ মিনিটে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মো. রকি হোসেন (২৫) নামের এক মাদক চোরাকারবারীকে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তিনি মৃত আমিরুল মোল্লার ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
অপরদিকে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গোলাম মাওলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মো. সামিরুজ্জামান হিটু (৪৯) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি প্রাগপুর গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।
একইদিন রাত ৮টা ৪৫ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
এছাড়া শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে শুভরাজপুর বিওপির টহল দল শুভরাজপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য পণ্যের সিজার মূল্য আনুমানিক ৫ লাখ ৭৮ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান বজায় থাকবে।

