শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো এবং নৌ-মিছিলের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, ঘাট এলাকা এবং বিভিন্ন স্থানে শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়। পোস্টারগুলোতে লেখা ছিল—“শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা” এবং “Bangladesh Rises Again”।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মুখোশ পরা কয়েকজন যুবককে বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে দেখা যায় বলে দাবি করা হয়।
এছাড়া ১৭ মে রবিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে একটি নৌ-মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়। ভিডিওতে ট্রলারযোগে একদল নেতাকর্মীকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, নৌ-মিছিল ও পোস্টারিংয়ে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম আশরাফ।
ভিডিওতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান এবং দৌলতদিয়া ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব পোস্টার দেখা যায় বলে দাবি করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, পোস্টার লাগানো ও নৌ-মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

