স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জয়পুর ইউনিয়নর কৃষ্ণপুর খাল এবং লাহুড়িয়া ইউনিয়নর লাহুড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষ্ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন ঘোষণা করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান এবং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সূত্রে জানা যায়, মোট ১.৭৫০ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৬২৯ টাকা। এর মধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার এবং লাহুড়িয়া খাল ১,১০০ মিটার পুনঃখনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়।

