বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
চাঁদা না পেয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগে বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহ অভিযোগ করেন, গত ১৪ মে বকশীগঞ্জ পৌর স্ট্যান্ড ইজারা দেওয়ার জন্য উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়। ওই ডাকে বকশীগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মাসুদ বকশী পৌর প্রশাসক আসমা উল হুসনা ও অন্যান্যদের উপস্থিতিতে ২ লাখ ৬৫ হাজার টাকায় বৈধভাবে ডাক নেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে এনএম হাইস্কুল মাঠে উপস্থিত হলে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী সেখানে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা না দিলে পৌর টোল আদায় নিয়ে বাধা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
পরিস্থিতি উত্তপ্ত হলে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের হস্তক্ষেপে তা শান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এরপরও শেখ রহমত আলী বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন আদিল আব্দুল্লাহ।
তিনি আরও বলেন, “তাঁকে কোনো ধরনের মারধর করা হয়নি। কিন্তু তিনি সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।”
সংবাদ সম্মেলনে আদিল আব্দুল্লাহ শেখ রহমত আলীকে ‘চিহ্নিত চাঁদাবাজ’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন সওদাগর, পৌর বিএনপির সদস্য সীমান্তসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

