শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু গড়ো”—এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বেলা সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই এ রুটে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে এ অঞ্চলে শিল্পায়ন ও বাণিজ্যিক উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় এগোচ্ছে না। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের যাতায়াত আরও সহজ হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’-এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা সরকারের কাছে দ্রুত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে দলমত নির্বিশেষে কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।

