এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলার পঙ্কবিলা সার্বজনীন পূজামন্ডপে নামযজ্ঞ শুনতে গিয়ে পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। রোববার (১৭মে) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রী কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বা সোম সদরের ভওয়াখালী গ্রামের পরিতোষ সোমের মেয়ে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে পূর্বা সোম পরিবারের সদস্যদের সাথে নামযজ্ঞ শুনতে যায়। রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মন্দির পাশে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অলোক কুমার বাগচী বলেন, পূর্বা সোমের কোমরের পেছনে ছুরিকাঘাতে বেশ রক্তক্ষরণ হলে ও বর্তমানে সে শঙ্কামুক্ত।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু সোমবার (১৮) দুপুরে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

