শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে শিশু সুরক্ষা কমিটি, ভিডিএস, যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম আকন, শিক্ষক ও সাংবাদিক আব্দুল মালেক রেজা, ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপি’র প্রোগ্রাম অফিসার মানিক হালদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা বাল্যবিবাহ ও শিশু শ্রমের ক্ষতিকর দিক তুলে ধরে এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম আকন তার বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশু শ্রম একটি সমাজের জন্য অভিশাপ। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে সচেতন হয়ে কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই এ সমস্যাগুলো প্রতিরোধ সম্ভব।”
সভাটির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর শরণখোলা এরিয়া প্রোগ্রাম।

