স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় একটি বাগান থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল রশীদ খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বাঁকা গ্রামে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন পথচারী ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন। তবে মরদেহটি গাছে ঝুললেও তার পা মাটিতে ঠেকানো ছিল। পরে স্থানীয়রা কালিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে—এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

