নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ১৩২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশ শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকায় ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের পাশে এমসি বাজার সংলগ্ন নাইস ডেনিম গেইটের সামনে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩২ বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করে।
অভিযানে মদের সঙ্গে থাকা ১৩ বস্তা ধান এবং ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলফাজ সরকার (২০), শহীদ মিয়া (৬০), মো. রমজান আলী (৫০) ও মো. মানিক মিয়া (৬০)।
পুলিশ জানায়, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রাসেল বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং জব্দ করা মাদকের উৎস ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

