বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মোহাম্মদ আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী ওই ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা লামিয়া আক্তার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মোহাম্মদ আলী বাড়ির আঙিনায় খেলতে খেলতে অজান্তেই পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়।
পরে কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনার থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

