পলাশ (নরসিংদী) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি দাবি করেন, প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও জনগণের প্রকৃত সেবায় তার সুফল পৌঁছায়নি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান আরও বলেন, সেবার নামে শুধু কথার ফুলঝুরি নয়, বরং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ভূমি সেবা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে, যা সাধারণ মানুষের জন্য সেবাকে আরও সহজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খানসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থদের মধ্যে খাদ্য ও ঢেউটিন বিতরণ করেন।

