রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (২০ মে) ভোরে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার (ওটি) বিভাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নার্স ও একজন চিকিৎসক আহত হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার সময় আতঙ্কে তারা জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, বুধবার সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট-অপারেটিভ রুম অথবা স্টোর রুমের কোনো এক স্থানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে আগুন এসির আউটডোর ইউনিট হয়ে অক্সিজেন লাইনে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, অক্সিজেন আউটডোর ইউনিটে আগুন লাগার পর বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ওটি বিভাগে ১৫টি সিটে রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীর স্বজন আতঙ্কে তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্থানান্তর করে নিয়ে যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, “আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের কারণে হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ কারণে আপাতত সব ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

