কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া, উপজেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন, জামাল মিয়া, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তারে তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্ক ও ভোগান্তির মধ্যে রয়েছেন।
তারা জানান, সম্প্রতি এলাকাবাসী হাতেনাতে তিনজন চোরকে আটক করেছে। এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরদের দ্রুত গ্রেফতার করে এলাকায় মাদক, জুয়া, ইয়াবা, গাঁজা ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

