কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় সঠিক নিয়মে কোরবানির পশু জবাই এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) কচুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “যথানিয়মে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে ব্যবহারিক বিষয়ও প্রদর্শন করা হয়।
কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান রাসেল। এসময় তিনি বলেন,কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো এবং সংরক্ষণের অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই অপচয় রোধ করতে পারি। তিনি চামড়া সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারণের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় মূল প্রশিক্ষক ও কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সাখাওয়াত হোসেন। এই গুরুত্বপূর্ণ কর্মশালায় কচুয়া উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ, পেশাদার কসাই, ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী এবং স্থানীয় নতুন উদ্যোক্তারা অংশ নেন। ছবি: কচুয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন,ইউএনও মাহমুদুল হাসান রাসেল।

