হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একদল হিজরার বিরুদ্ধে নগ্ন হয়ে অশ্লীল আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুপুরের দিকে কয়েকজন হিজরা বিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। বিয়ে বাড়ির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রথমে উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, হিজরারা প্রকাশ্যে নগ্ন হয়ে অশ্লীল আচরণ প্রদর্শন করে এবং বিয়ে বাড়িতে উপস্থিত নারী ও অতিথিদের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বিয়ের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে। ওই অস্ত্র দেখিয়ে তারা বিয়ে বাড়ির লোকজনকে ভয়ভীতি ও নানা ধরনের হুমকি দিচ্ছে। ভিডিওতে উপস্থিত অনেককে ভয়ে নীরব থাকতে দেখা যায়।
বিয়ে বাড়ির স্বজনদের অভিযোগ, হিজরাদের এমন আচরণে অনুষ্ঠান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে ভয়ভীতি ও অশালীন আচরণের অভিযোগ নতুন নয়। তারা এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিয়ের অনুষ্ঠানে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে বলেও তিনি জানান।

