কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে আমুয়া বাজারের চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রথমে মো. সবুজ গোলদারের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের মো. সবুজ তালুকদারের বসতঘর এবং মো. জাকরি গোলদারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে। আগুনের তীব্রতায় ঘরবাড়ি ও দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিস এবং পার্শ্ববর্তী বামনা ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ২০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়াদুদ হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

