ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যারা আজ ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ সংগঠন হিসেবে আখ্যায়িত করছে, বিগত ১৭ বছর তারাই বিদেশে আত্মগোপনে ছিল। জনগণ জানে আসল গুপ্ত কারা।”
শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি বিনোদন পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতির সমালোচনা মিয়া গোলাম পরওয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগকে যেভাবে লেলিয়ে দেওয়া হতো, বর্তমানে ছাত্রদলকেও একইভাবে শিক্ষার্থীদের ওপর হায়নার মতো লেলিয়ে দেওয়া হচ্ছে।
সরকার পুনরায় পুরনো কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটতে চাচ্ছে, কিন্তু দেশের সচেতন জনগণ আর কোনো অপশক্তিকে সেই সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, “ঝিনাইদহের মাটি শহীদের রক্তে ভেজা জনপদ। দীর্ঘ সময় এই অঞ্চলের মানুষ স্বৈরাচারী শাসনামলে নিজ বাড়িতে ঘুমাতে পারেনি। অনেক জীবনের বিনিময়ে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটানো হয়েছে। তবে বর্তমানে সেই একই ব্যবস্থার পুনরাবৃত্তির চেষ্টা চলছে যা অত্যন্ত উদ্বেগজনক।”
নির্বাচন ও সংবিধান সংস্কার প্রসঙ্গ
নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে বিএনপির ‘গুপ্ত’ উপদেষ্টারা স্থান পেয়েছেন, যারা বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল বলেন, “ঐকমত্য কমিশনের আয়োজনে ৩৩টি রাজনৈতিক দল সংবিধান সংস্কারে একমত হলেও বিএনপি গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে।
তারা এখন গণভোটের রায়কে বাতিল করতে চায় এবং সংবিধানের দোহাই দিয়ে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।”
সরকারকে হুঁশিয়ারি সরকারকে সতর্ক করে জামায়াত নেতা বলেন, “আমরা আর রক্ত দিতে চাই না। কিন্তু সরকার যদি জনগণের ম্যান্ডেট মূল্যায়ন না করে, তবে সাধারণ মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। রাজপথে কীভাবে আন্দোলন করতে হয় তা আমাদের এবং দেশের মানুষের জানা আছে।”
বিশেষ অতিথিবৃন্দ ঝিনাইদহ জেলা জামায়াতের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।

