ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাড়ির বাইরে বের হন ইমরান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে এন্টিভেনম না থাকায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। তবে রাত আনুমানিক ৪টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা খলিলুর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় অসহনীয় গরমে ইমরান বাইরে বের হয়েছিল। সাপের কামড়ের পরই তার অবস্থা দ্রুত অবনতি ঘটে।
এদিকে একই দিনে দুপুরে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের ৬৩ বছর বয়সী কৃষক ফজলুর রহমানও সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজিব কুমার বসু বলেন, “ইমরানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। এন্টিভেনম দেওয়া হলেও আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতো, যা আমাদের হাসপাতালে নেই। স্বজনরা বন্ড সই দিয়ে যশোরে নিয়ে যান।”

