মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে মনিকা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এর আগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল।
রবিবার ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। ওই সময় তার বাড়ি থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, একাধিক মোবাইল ফোন, হাতঘড়ি এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
একই অভিযানে জব্বার হাওলাদার নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানায় প্রশাসন।
পরে সোমবার রাতে নিজ বাড়িতে ফিরে এলে পুনরায় অভিযান চালিয়ে মনিকা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

