রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আসন্ন গণভোট–২০২৬কে সামনে রেখে খুলনায় ভোটার সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে প্রচার চালাচ্ছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। বুধবার বিকেলে রূপসা বাস টার্মিনালে তিনি বাসচালক, হেল্পার, শ্রমিক, মাঝি ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক বক্তব্য দেন।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক বলেন, গণভোট জনগণের মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনের সচিব আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, খান হাবিবুর রহমান, নাজমুল হক মুকুল ও কাজী ইমরুল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে দিঘলিয়া উপজেলায় গণভোট উপলক্ষে আরেকটি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ স্বাগত বক্তব্য দেন।
দিনব্যাপী এই প্রচার কার্যক্রমে বক্তারা ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা গণভোটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

