নরসিংদী প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে নরসিংদীতে অনূর্ধ্ব-১৬ স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর উদ্যোগ ও ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। তিনি বলেন, তরুণদের কিশোর গ্যাং, মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
ভলিবল প্রতিযোগিতায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার এবং রানার্সআপ হয় কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

