দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ব্যাটারি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আহত নাসির শেখ লাহিনী কর্মকার পাড়ার বাহের শেখের ছেলে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দু’জন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে ব্যাগে রাখা একটি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন।
পার্সেলটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি নিতে অপারগতা প্রকাশ করেন। এরপর পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন নাসির।
সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে পার্সেল খুলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান। কাঠের বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়।
আহত ভ্যানচালক নাসির শেখ বলেন, যে দু’জন পার্সেলটি পৌঁছে দিতে বলেছিল, তাদের তিনি চিনেন না। তারা নিজেদের গাড়ির ড্রাইভার পরিচয় দিয়েছিল। হামিদুল ইসলামও গাড়ির ড্রাইভার এবং তারা একে অপরের পরিচিত বলে জানিয়েছিল। সবার সামনে পার্সেলটি খোলার সময়ই বিস্ফোরণ ঘটে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন। স্প্লিন্ট জাতীয় কিছুর আঘাতে তার শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

