ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ও র্যাব-১০ এর একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে আলীয়াবাদ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত আকাশ মোল্লা ধারালো কোদাল দিয়ে কুপিয়ে আমেনা বেগম, রাহেলা বেগম ও কাবুল চৌধুরীকে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আলীয়াবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আকাশ ওই এলাকার হারুন মোল্লার ছেলে।
র্যাব-১০ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

