কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় নিজ পৈত্রিক ভিটায় ঘর নির্মাণে বাধা, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সবুজ মিয়া। তিনি অভিযোগ করেন, একটি মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগের পর হাইকোর্ট থেকে তিনি ও তার পরিবারের আরও পাঁচ সদস্য জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পরও মামলার প্রতিপক্ষ বাচ্চু ও মাহফুজ গংয়ের কারণে তারা নিজ পৈত্রিক ভিটায় বসবাস করতে পারছেন না।
তিনি দাবি করেন, প্রতিপক্ষ তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে এবং নতুন করে ঘর নির্মাণের চেষ্টা করলে বাধা দিচ্ছে। ফলে বৃদ্ধ মা-বাবা ও শিশু সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এছাড়া পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানোসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সবুজ মিয়া বলেন, “আমরা আমাদের নিজস্ব জায়গায় বসবাস করতে পারছি না। ঘর নির্মাণে বারবার বাধা দেওয়া হচ্ছে। আমরা এই হামলা, ভাঙচুর ও লুটপাটের সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

