পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে পলাশ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ ও ইশতেহার পাঠ করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সদস্য মেহেরুন্নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীজন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে গত ১১ জুন আয়োজিত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

