মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মো. ইলিয়াছ মোল্লা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কোলা অটোস্ট্যান্ড ও কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ মোল্লা কোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোলা গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার সিদ্দিক মোল্লা, তার ছেলে বিপ্লব মোল্লা, বিদ্যুৎ মোল্লা, রওশনারা বেগমসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ইলিয়াছ মোল্লা ও ইসহাক মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ইলিয়াছ মোল্লার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

