ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া জমির আনুমানিক বাজারমূল্য ৬ থেকে ৭ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
সওজ কর্তৃপক্ষ জানায়, ৪২ নম্বর গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ও রেকর্ডভুক্ত জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে একটি সেমিপাকা মার্কেট নির্মাণ করা হচ্ছিল। শলাকুন্ড গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে হামজা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ স্থাপনা নির্মাণ করেন।
কর্তৃপক্ষের দাবি, উপজেলা প্রশাসন ও সওজের পক্ষ থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে অবৈধ সেমিপাকা দোকান ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের সময় জব্দ করা ইট ও বালু ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেজারি কোডে জমা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুর সড়ক উপ-বিভাগ-১-এর উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম উপস্থিত ছিলেন। তিনি সওজের সার্ভেয়ারদের মাধ্যমে সরকারি জমির সীমানা নির্ধারণ করে উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

