নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ (৩ঈঝঝ)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন ৩ঈঝঝ-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।
সকালে শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। পরে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে মানব সভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু নীতিনির্ধারণ নয়, প্রয়োজন সচেতনতা ও কার্যকর উদ্যোগ। তিনি বলেন, একটি বৃক্ষ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডাব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন নিয়মিত বৃক্ষরোপণ ও গবেষণাভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।জ
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

