কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সরদার জাহিদ হোসেনের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে কচুয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কচুয়া জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, সাবেক ৬০ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম এবং জেলা বিএনপি নেতা মঈন উদ্দিন।
এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা আব্দুল গাফফার, সরদার রেজাউল ইসলাম চল, সাবেক শিক্ষক শেখ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা নিত্য রঞ্জন ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, গজালিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিয়াজ, যুবদল আহ্বায়ক অলিউর রসূল অলি, এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষক দলের আহ্বায়ক আল আমিন মুক্তি, মহিলা দল নেত্রী আজমিরা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সরদার জাহিদ একজন জনদরদী সমাজসেবক এবং কচুয়া উপজেলা বিএনপির একনিষ্ঠ নেতা। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, এসব মিথ্যা ও বানোয়াট প্রচারের উদ্দেশ্য দলীয় ঐক্য বিনষ্ট করা। কচুয়ার মানুষ সরদার জাহিদের সম্মানহানির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।
নেতৃবৃন্দ অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরে একটি বিক্ষোভ মিছিল কচুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

