নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
“দক্ষ শিক্ষক, উন্নত কৃষি শিক্ষা”—এই স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণটি আগামী ২৩ ও ২৪ জুন পর্যন্ত চলবে।
কৃষি শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে কৃষি শিক্ষা উন্নীতকরণ এবং বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে কৃষি অনুষদের লেকচারার থেকে প্রফেসর পর্যায়ের মোট ৯২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। স্বাগত বক্তব্য দেন এএসপিএম প্রফেসর ড. মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার মান নির্ধারণে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন ও গবেষণাকে আরও সময়োপযোগী ও ফলাফলমুখী করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিতে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী হয়ে উঠছে। সেই বাস্তবতায় কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।
প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন খ্যাতিমান বিশেষজ্ঞরা এ সেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি শিক্ষার নানা দিক সম্পর্কে ধারণা লাভ করবেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে।

