মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর ও মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২২ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মামুনুল হাসান। অভিযান চলে মেহেরপুর সদর উপজেলার কাথুলী রোড ও মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায়।
অভিযানে সার, বীজ ও কীটনাশকের বাজারে অনিয়ম ও কারসাজি রোধে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—কোমরপুরের মেসার্স হাশেম বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ হরমোন বিক্রির দায়ে ৩ হাজার টাকা, জে আর পাইপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হাউসকে পণ্যের উৎপাদন তথ্য না থাকা ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং সদর উপজেলার কাথুলী রোডের মা ট্রেডার্সকে লাইসেন্স নবায়ন ছাড়া সার ও কীটনাশক বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা কৃষি অফিস, জেলা প্রত্যয়ন অফিস এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

