স্টাফ রিপোর্টার, নড়াইল
গাইবান্ধায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ বারি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নড়াইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় আরও বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিউজ্জামান অভি।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি আমির হামজাসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

