কয়রা (খুলনা) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কয়রা উপজেলা বিএনপি।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়রা হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
বিএনপি নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি ঠেকাতে তারা প্রশাসনের পাশাপাশি সচেতন ভূমিকা পালন করবেন।

