মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট’ (RUTDP) প্রকল্পের আওতায় মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেহেরপুর পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম।
এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (TLCC) সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ ও পরিকল্পনার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক পদ্ধতিতে তাদের চারটি দলে বিভক্ত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন RUTDP প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত টিম লিডার আহসান ইমাম, পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন, পরামর্শক ও নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হাসিবুল হক, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাইদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, পৌর প্রকৌশলী মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, RUTDP প্রকল্পটি একটি বৃহৎ উন্নয়ন উদ্যোগ। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৬৪১ কোটি ৬২ লাখ টাকা অর্থায়ন করছে এবং অবশিষ্ট অর্থ বিশ্ব ব্যাংক সহায়তা হিসেবে প্রদান করছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে মেহেরপুর পৌরসভার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

