নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা, নাশকতা ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর সদর মেট্রো থানা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর রাজবাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শিববাড়ী জুলাই মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন এবং সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আসলাম মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে শিববাড়ী জুলাই মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন।
সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, দেশের জনগণ সবসময় পুলিশের পাশে ছিল এবং এখনও রয়েছে।
তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের যেকোনো নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।”
সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

