Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পারফিউম স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, দুইজন শেবাচিমে প্রেরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠীর শরীরে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীরা তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারা মনি, সাদিয়া ও বিথী। তাদের মধ্যে জিসান ও মাহিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া বলেন, “নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের শরীরে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। এর ঘ্রাণে আশপাশে থাকা ১৪ থেকে ১৫ জন শিক্ষার্থী শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি জানান, “১৫ জন শিক্ষার্থীর মধ্যে দুইজনের শারীরিক অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে বিদ্যালয় ও হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।